Skip to content

শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিলাবতী নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে দুই ভক্ত, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়!

অভিজিৎ সাহা : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে শিলাবতী নদী থেকে জল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই ভক্ত। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কান্তোর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থেকে মোট সাতজন ভক্ত কান্তোর শিব মন্দিরে জল নিবেদন করার উদ্দেশ্যে শিলাবতী নদীতে জল তুলতে নামেন। নদী থেকে পাঁচজন নিরাপদে উঠে এলেও দুই ভক্ত নিখোঁজ হয়ে যান।

তাঁদের দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায় এবং স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে যায়।ঘটনার খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর নদীতে তল্লাশি অভিযান শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই ভক্তের সন্ধানে উদ্ধারকারীদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং উদ্ধারকাজ জোরকদমে চলছে।

Latest