অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর DAV পাবলিক স্কুলে শিশুদের প্রতিভার বর্ণময় উদযাপন, জাঁকজমকে অনুষ্ঠিত ‘বাল ধামাল’

মেদিনীপুর DAV পাবলিক স্কুলে শিশুদের প্রতিভার বর্ণময় উদযাপন, জাঁকজমকে অনুষ্ঠিত ‘বাল ধামাল’

নিজস্ব সংবাদদাতা : গান, নাচ, হাসি-আনন্দ আর খুদে পড়ুয়াদের প্রতিভার বর্ণিল প্রকাশে মুখর হয়ে উঠল মেদিনীপুর শহরের DAV পাবলিক স্কুল প্রাঙ্গণ। রবিবার, 22 নভেম্বর শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকের সঙ্গে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাল ধামাল’। শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আবহ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে একগুচ্ছ রঙিন বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলে শিশু শিল্পীরা। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা রঙিন পোশাকে সজ্জিত হয়ে গান, নাচ ও বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মন জয় করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুচ্ছাইত।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, সমাজসেবী মদন মোহন মাইতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস. এন. ত্রিপাঠী, মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ তনুশ্রী পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বিদ্যালয়ের অধ্যক্ষ এন. কে. গৌতম তাঁর বক্তব্যে পড়ুয়াদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। শিশুদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্বও তুলে ধরা হয়।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের নিজেদের উদ্যোগে তৈরি বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল প্রদর্শনী। খুদে পড়ুয়াদের চিন্তাভাবনা, উদ্ভাবনী ক্ষমতা এবং বিষয়ভিত্তিক জ্ঞান প্রদর্শনীর মাধ্যমে ফুটে ওঠে। অভিভাবক ও অতিথিরাও পড়ুয়াদের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।সব মিলিয়ে সাংস্কৃতিক পরিবেশনা, মডেল প্রদর্শনী এবং আনন্দঘন মুহূর্তে ‘বাল ধামাল’ হয়ে ওঠে শিশুদের প্রতিভা প্রকাশের এক সুন্দর মঞ্চ। হাসি-আনন্দ ও উৎসবের আবহের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।