দেশের প্রথম আইআইটির 75 বছর, স্মরণে বিশেষ মুদ্রা প্রকাশ প্রধানমন্ত্রীর
সেখ ওয়ারেশ আলী : আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি উপলক্ষে বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে এই স্মারক মুদ্রার আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি। দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দীর্ঘ 75 বছরের গৌরবময় যাত্রা, প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে অবদানকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ মুদ্রা প্রকাশ করা হয়েছে।সাধারণ বাজারে লেনদেনের ক্ষেত্রে 1, 2, 5, 10 ও 20 টাকার কয়েনের ব্যবহার দেখা যায়। সেই প্রেক্ষাপটে 75 টাকার এই স্মারক মুদ্রা বিশেষ তাৎপর্য বহন করছে। মুদ্রাটির একদিকে রয়েছে অশোক স্তম্ভের সিংহশীর্ষ এবং তার নীচে লেখা ‘সত্যমেব জয়তে’। পাশাপাশি দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ইংরেজিতে ‘INDIA’ শব্দের সঙ্গে রয়েছে রুপির প্রতীক ও 75 সংখ্যাটি।মুদ্রার অপর পিঠে স্থান পেয়েছে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপনের বিশেষ লোগো। সেখানে হিন্দি ও ইংরেজিতে প্রতিষ্ঠানের নামের পাশাপাশি ‘প্ল্যাটিনাম জয়ন্তী’ কথাটিও উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, 1951 সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়গপুর দেশের প্রথম আইআইটি। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানের 75 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ।প্রধানমন্ত্রীর এই সফরে স্মারক মুদ্রা প্রকাশের পাশাপাশি ছিল পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় পর্বও। ‘75 ভয়েসেস ফর বিকশিত ভারত’ উদ্যোগের অধীনে 75 জন কৃতী পড়ুয়ার সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি পড়ুয়াদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং চিকিৎসা প্রযুক্তি সংক্রান্ত গবেষণার কাজও ঘুরে দেখেন তিনি।
সম্পর্কিত খবর
বাঁকুড়া
ইতিহাসের পথে পড়ুয়ারা, ASI ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিষ্ণুপুরে হেরিটেজ ওয়াক
পশ্চিম মেদিনীপুর
বিষ্ণুপুরের ঐতিহাসিক সৌধ ঘিরে হেরিটেজ ওয়াক,ASI ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
পশ্চিম মেদিনীপুর