শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে খড়্গপুর কলেজে নতুন উদ্যোগ, উদ্বোধনে মন্ত্রী দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : খড়্গপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খড়্গপুর কলেজে যুক্ত হল নতুন পরিকাঠামো। রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান (RUSA)-এর 75 লক্ষ টাকা আর্থিক সহায়তায় নির্মিত ‘স্বামী বিবেকানন্দ ভবন’-এর গ্রাউন্ড ফ্লোর ক্লাসরুম ভবনের শুভ উদ্বোধন করা হল আজ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। নতুন এই পরিকাঠামো চালু হওয়ায় কলেজের পঠনপাঠনের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

1947 সালে প্রতিষ্ঠিত খড়্গপুর কলেজ দীর্ঘদিন ধরেই এলাকার উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সময়ের সঙ্গে সঙ্গে কলেজের পুরনো পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ভবনের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি কলেজের জমি ও খেলার মাঠের বড় অংশ দখল হয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে।এদিনের অনুষ্ঠানে কলেজের পরিকাঠামোগত সমস্যা এবং জমি দখলের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের জমি ও খেলার মাঠ পুনরুদ্ধার এবং কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার উদ্যোগী হবে। সরকারি জমি দখলমুক্ত রাখার ক্ষেত্রে সরকার কোনওভাবেই দখলদারদের মদত দেবে না বলেও তিনি আশ্বাস দেন। পূর্ববর্তী সরকারগুলির আমলে এই সমস্যাগুলির যথাযথ সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।মন্ত্রী আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব হলো এমন পরিবেশ বজায় রাখা, যেখানে ছাত্রছাত্রীরা নিয়মিত ও সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে এবং প্রকৃত শিক্ষা অর্জনের সুযোগ পায়।তবে কলেজের পুরনো ভবনগুলির সংস্কার, জমি পুনরুদ্ধার এবং খেলার মাঠ দখলমুক্ত করার মতো বিষয়গুলির বাস্তবায়নের দিকেও এখন নজর থাকবে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মহলের।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
2047-এর বিকশিত ভারত গড়তে আইআইটি পড়ুয়াদের বড় ভূমিকা, খড়গপুরে বললেন প্রধানমন্ত্রী মোদি!
পশ্চিম মেদিনীপুর
আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি, 75 পড়ুয়ার সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর!
পশ্চিম মেদিনীপুর