ইতিহাসের পথে পড়ুয়ারা, ASI ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিষ্ণুপুরে হেরিটেজ ওয়াক
নিজস্ব সংবাদদাতা : বিশ্ব ঐতিহ্য সপ্তাহ (19–25 নভেম্বর) উদ্যাপন উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে আয়োজিত হলো বিশেষ হেরিটেজ ওয়াক। 21 নভেম্বর ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (Archaeological Survey of India বা ASI), কলকাতা সার্কেল এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিষ্ণুপুরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এবং পরীক্ষা নিয়ামক ড. তনুশ্রী সামন্ত। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ, কলকাতা সার্কেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ড. ডি. বি. গারনায়ক এবং ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট প্রতাপ কুমার নায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়িকা শুক্লা চ্যাটার্জি।

এই হেরিটেজ ওয়াকে প্রায় 150 জন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের আধিকারিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাঁকুড়া সম্মিলনী কলেজের 30 জন এবং বিষ্ণুপুর হাইস্কুলের 50 জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 40 জন ছাত্রছাত্রী ও শিক্ষকও এই কর্মসূচিতে যোগ দেন।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দীপক কুমার মিদ্যা, সহকারী অধ্যাপক ড. অভিক বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ড. শিমুল রায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর জাদুঘরের কিউরেটর তুষার সরকার এবং ASI কলকাতা সার্কেলের প্রায় 30 জন আধিকারিক।হেরিটেজ ওয়াক চলাকালীন অংশগ্রহণকারীরা বিষ্ণুপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। সেখানকার স্থাপত্যশৈলী, ঐতিহাসিক পটভূমি এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন তাঁরা।

বইয়ের পাতায় পড়া ইতিহাসকে সরাসরি প্রত্যক্ষ করার এই সুযোগ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে।আয়োজকদের মতে, এই ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের কাছে আঞ্চলিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রাচীন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, ঐতিহ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক সম্পদ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা তৈরি করে।বিশ্ব ঐতিহ্য সপ্তাহকে কেন্দ্র করে বিষ্ণুপুরের এই হেরিটেজ ওয়াক শিক্ষা, ইতিহাসচর্চা ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে এক গুরুত্বপূর্ণ যোগসূত্র তৈরি করল।