নির্মীয়মাণ বাড়ির ভিতর উদ্ধার মৃত ভ্রূণ, চন্দ্রকোনা রোডে চাঞ্চল্য! নার্সিংহোমের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ!
সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একটি নির্মীয়মাণ বাড়ির ভিতর থেকে মৃত ভ্রূণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া ভ্রূণটিকে কুকুরে টানাটানি করে খাচ্ছিল। ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি নার্সিংহোম। সেই নার্সিংহোম থেকেই মৃত ভ্রূণটি সেখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন বাসিন্দা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।

ঘটনার তদন্তের স্বার্থে নার্সিংহোমের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও নজরে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট নার্সিংহোমের কোনও বৈধ লাইসেন্স নেই। কীভাবে মৃত ভ্রূণটি ওই নির্মীয়মাণ বাড়ির ভিতরে এল, তা খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে সুপারিশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

তবে মৃত ভ্রূণটি কোথা থেকে এল, কে বা কারা সেটি সেখানে ফেলে গিয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নার্সিংহোমের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তের পরই ঘটনার নেপথ্যের প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সরেজমিনে খোঁজ বিধায়ক শঙ্কর গুছাইতের!
পশ্চিম মেদিনীপুর
158 কোটি টাকার কংসাবতী দ্বিতীয় সেতুর কাজ খতিয়ে দেখলেন বিধায়ক শঙ্কর গুছাইত!
পশ্চিম মেদিনীপুর