মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সরেজমিনে খোঁজ বিধায়ক শঙ্কর গুছাইতের!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত। হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় কোনও ধরনের অব্যবস্থা, গাফিলতি কিংবা রোগী হয়রানির অভিযোগ রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখাই ছিল এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য। সরকারি এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধায়কের এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে এসেছে। গত 4 নভেম্বর নবান্নে JSW গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দলের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জিন্দল গোষ্ঠী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পের আওতায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামগ্রিক দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে।

হাসপাতালটির উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব জমা পড়েছে বলেও জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রস্তাবিত আধুনিকীকরণ বাস্তবায়িত হলে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কতটা পরিবর্তন আসে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হন। বিধায়কের এই পরিদর্শনের পর হাসপাতালের পরিষেবা সংক্রান্ত কোনও নির্দিষ্ট পর্যবেক্ষণ বা উন্নয়নমূলক পদক্ষেপের ঘোষণা সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে মেদিনীপুরবাসীর।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
158 কোটি টাকার কংসাবতী দ্বিতীয় সেতুর কাজ খতিয়ে দেখলেন বিধায়ক শঙ্কর গুছাইত!
পশ্চিম মেদিনীপুর
রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত আইআইটি খড়গপুরের ডিএভি মডেল স্কুলের শায়েরী!
পশ্চিম মেদিনীপুর