বৈভবের ব্যাটে ছক্কার বন্যা, 15 বছরের বিস্ময়বালকের বয়স নিয়ে বিতর্কে পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার
নিজস্ব সংবাদদাতা : ব্যাট হাতে যেন রীতিমতো ঝড় তুললেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র 53 বলে 204 রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তরুণ ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাঁর ইনিংসে ছিল 28টি ছক্কা এবং সাতটি চার। বৈভবের এমন আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র 14.2 ওভারেই 250 রানের লক্ষ্য তাড়া করে সাত উইকেটে জয় তুলে নেয় ভারত 'এ' দল। তবে তাঁর এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পরই নতুন বিতর্কের সূত্রপাত। বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় এসেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার তানভীর আহমেদ।তানভীরের দাবি, মাত্র 15 বছর বয়সে কোনও ক্রিকেটারের পক্ষে এমন বিধ্বংসী ব্যাটিং করা কার্যত অসম্ভব। তাঁর মতে, বৈভবের প্রকৃত বয়স 20 থেকে 21 বছরের কাছাকাছি হতে পারে।

একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে তানভীর বলেন, “ওর বয়স 15 বছর নয়। ওর বয়স অন্তত 20-21 বছর হবে। ও যতই প্রতিভাবান হোক না কেন, 15 বছরের কোনও ছেলের পক্ষে 28টি ছক্কা মারা সম্ভব নয়।”তবে তানভীরের এই মন্তব্যের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। ফলে তাঁর বক্তব্যকে ঘিরে ক্রিকেটমহলে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে বৈভবের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশংসা, অন্যদিকে তাঁর বয়স নিয়ে প্রশ্ন—দুইয়ের জেরে নতুন করে শিরোনামে উঠে এসেছেন এই তরুণ ক্রিকেটার।

কঠোর অনুশীলনই কি বৈভবের সাফল্যের রহস্য? মাত্র 15 বছর বয়সে বৈভবের ব্যাটিংয়ের দাপট দেখে অনেকেই বিস্মিত। বড় বড় বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং, বলের নিখুঁত টাইমিং এবং মাঠের চারদিকে বড় শট খেলার দক্ষতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন, কঠোর পরিশ্রম এবং ক্রিকেটের প্রতি গভীর নিষ্ঠা।ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি বিশেষ আগ্রহ ছিল বৈভবের। মাত্র আট বছর বয়সে পাটনার একটি ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। কোচ মনীশ ওঝার তত্ত্বাবধানে শুরু হয় পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার প্রস্তুতি। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে কোচ ওঝা জানিয়েছেন, বৈভবের বর্তমান সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ ছয় বছরের কঠোর অনুশীলন ও অধ্যবসায়।

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন, শতাধিক ওভার খেলার প্রস্তুতি, নিয়মিত ফিটনেস চর্চা এবং খাবারের ক্ষেত্রে শৃঙ্খলা—সবকিছুর মধ্য দিয়েই নিজেকে তৈরি করেছেন বৈভব। অল্প বয়স থেকেই তাঁর মধ্যে বড় ক্রিকেটার হওয়ার জেদ ও আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন তাঁর কোচ।বৈভবের এই ইনিংস আবারও প্রমাণ করল, ক্রিকেটে বয়সের চেয়ে প্রতিভা, পরিশ্রম ও মানসিক দৃঢ়তা কতটা গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বয়স সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্ক কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। আপাতত 22 গজে বৈভবের ব্যাটিং ঝড়ই ক্রিকেটপ্রেমীদের আলোচনার প্রধান বিষয়।