ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, শ্বেতপত্র প্রকাশের দাবিতে গণঅবস্থান
নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ সংস্কার-সহ প্রথম পর্যায়ের কাজ এখনও সম্পূর্ণভাবে শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত কাজ শুরু, প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনার শ্বেতপত্র নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ এবং কাজের তদারকির জন্য মনিটরিং কমিটিতে আন্দোলনকারীদের প্রতিনিধি রাখার দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।

বুধবার ঘাটালের ক্ষুদিরাম মূর্তির সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, শিক্ষাব্রতী গৌরীশংকর বাগ, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা, নদীবাঁধ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ কাপাস এবং বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাইচন্দ্র পাড়ুই-সহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, 2025 সালের ডিসেম্বর মাসে শীলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও প্রায় 10 মাস পেরিয়ে যাওয়ার পরও 500 মিটার অংশের পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। মাস্টার প্ল্যানের অন্যান্য কাজের অগ্রগতিও সন্তোষজনক নয় বলে দাবি তাঁদের। এর ফলে চলতি বছরে বর্ষাকালে ঘাটাল মহকুমার একাংশের বাসিন্দাদের তিনবার বন্যার পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, মুখ্যমন্ত্রীর বীরসিংহের সভায় ঘোষিত সময়সীমা অনুযায়ী দু’বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক কাজ শেষ করার কথা। তাই প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনার শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে প্রথম পর্যায়ের কাজ দ্রুত শুরু করতে হবে। পাশাপাশি কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির অন্তত একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। উল্লেখ্য, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। প্রকল্পের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথভাবে প্রায় 1200 কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের আশায় থাকা ঘাটালবাসীর এখন একটাই দাবি—প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়িত হোক ঘাটাল মাস্টার প্ল্যান।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
16 বছরের নাবালিকাকে বিয়ে ও গর্ভবতী করার অভিযোগ, গ্রেফতার 26 বছরের যুবক
পশ্চিম মেদিনীপুর
নির্মীয়মাণ বাড়ির ভিতর উদ্ধার মৃত ভ্রূণ, চন্দ্রকোনা রোডে চাঞ্চল্য! নার্সিংহোমের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ!
পশ্চিম মেদিনীপুর