সাহেবঘাটে কংক্রিটের সেতুর দাবিতে আন্দোলন, 20 নভেম্বর গণডেপুটেশনের ডাক
নিজস্ব সংবাদদাতা : শিলাবতী নদীর উপর ঘাটাল মহকুমার সাহেবঘাটে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা কাঠের সেতু সংস্কার এবং অবিলম্বে সেখানে নতুন কংক্রিটের সেতু নির্মাণের দাবিতে সরব হলেন এলাকার বাসিন্দারা। এই দাবিকে সামনে রেখে সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির উদ্যোগে সভা ও মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি আগামী 20 নভেম্বর ঘাটালের মহকুমাশাসকের (SDO) দফতরে গণডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এদিন কালিচক-বাড়গোবিন্দ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা-সহ অন্যান্য নেতৃত্ব। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।আন্দোলনকারীদের প্রধান দাবি, সাহেবঘাটের ভগ্নপ্রায় কাঠের সেতুটি দ্রুত সংস্কার করে নিরাপদ পারাপারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সেতু পারাপারের জন্য আদায় করা টোল বা কর কমাতে হবে। দীর্ঘদিনের দাবি ও প্রতিশ্রুতি সত্ত্বেও আর কোনও বিলম্ব না করে ওই স্থানে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু করতে হবে বলেও দাবি জানান তাঁরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগ্রাম কমিটির উপদেষ্টা তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক সাহেবঘাটে নতুন সেতু নির্মাণের দাবির পাশাপাশি শিলাবতী নদীর নিম্নাংশের পূর্ণাঙ্গ সংস্কার এবং ঘাটাল মাস্টার প্ল্যানের বাকি কাজগুলিও চলতি মাসের মধ্যে শুরু করার দাবি জানান। আগামী 20 নভেম্বর ঘাটালে বন্যা ও জলনিকাশি সমস্যায় ক্ষতিগ্রস্ত মানুষের গণঅবস্থান কর্মসূচিতেও এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।প্রসঙ্গত, সাহেবঘাটের এই কাঠের সেতুটি ঘাটাল ও দাসপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে এলাকার কৃষকদের কাছে সেতুটির গুরুত্ব অপরিসীম। এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসল সবজি এই সেতু পার হয়েই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলায় বাজারজাত করা হয়। ফলে সেতুটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরার অভিযোগ, বাম সরকারের আমল থেকেই দলমত নির্বিশেষে এলাকার বাসিন্দারা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। একাধিকবার মাটি পরীক্ষা করা হলেও বিভিন্ন অজুহাতে আজ পর্যন্ত সেতু নির্মাণের বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কলকাতায় রাজ্যের সেচমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হলে তিনি জানান, মাস্টার প্ল্যানের অধীনে যে সেতুগুলি নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে সাহেবঘাটের সেতুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ঘাটাল বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, সাহেবঘাটের সেতুটির রক্ষণাবেক্ষণ ও পারাপার সংক্রান্ত কাজের জন্য আগামী 20 নভেম্বর টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, শুধুমাত্র অস্থায়ী সংস্কার নয়, সাহেবঘাটে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে।এখন দেখার, দীর্ঘদিনের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের খরিদা রেলগেট তীব্র যানজটের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা!
পশ্চিম মেদিনীপুর
মানবিক উদ্যোগে রক্তদান শিবির, মালঞ্চ সুকান্ত পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে রক্ত দিলেন 32 জন!
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।