ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা: ধর্ষণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ। সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মুম্বই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন ওই বিধায়ক। তদন্ত এড়িয়ে শহর ছাড়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পুলিশের। যদিও গ্রেফতারের পর বিধায়কের দাবি, তাঁকে ঠিক কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশরাম দাসের বিমানবন্দরে যাওয়ার খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (SOG) তাঁর গতিবিধির উপর নজরদারি শুরু করে। এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরপর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করে গ্রেফতার করা হয়। পরে তাঁকে বারুইপুর জেলা পুলিশ দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।পুলিশের দাবি, ক্যানিং থানায় দায়ের হওয়া 561/2026 নম্বর মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। গত 5 সেপ্টেম্বর ওই মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির 376, 323, 420, 120বি এবং 506 ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও হুমকির মতো গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে মামলায়। তবে অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। খুনের চেষ্টা, অস্ত্র আইন লঙ্ঘন এবং মাতলা নদীর চর দখল করে আশ্রম নির্মাণের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডিও তাঁকে তলব করেছিল। সম্প্রতি ভবানী ভবনে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিধায়কের বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগের প্রসঙ্গ কলকাতা হাই কোর্টেও উঠেছিল। অন্যদিকে, পরেশরাম দাসের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আদালতে মামলাগুলির সময়কাল নিয়েও আলোচনা হয়েছিল। রাজনৈতিক পালাবদলের পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠেছিল।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টেও কিছুটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন বিধায়ক। একটি পোস্টে তিনি লিখেছিলেন, 'আলভিদা ক্যানিং। ফিরে দেখা হবে। কথা হবে।' দুর্গাপুজোর সময় প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে নিজের বক্তব্যও প্রকাশ করেছিলেন। এরপর থেকেই তাঁর সমাজমাধ্যমে নতুন কোনও পোস্ট দেখা যায়নি।এদিকে, বিধায়কের গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, পরেশরাম দাস যতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ছিলেন, ততদিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চেয়েছিলেন বলেই কি এই গ্রেফতারি? সেই প্রশ্নও তুলেছেন কুণাল।অন্যদিকে, কুণাল ঘোষের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সর্বভারতীয় চেয়ারম্যান অরূপ রায়। তাঁর বক্তব্য, পুলিশের কাছে নিশ্চয়ই অভিযোগের ভিত্তিতে কিছু তথ্য বা প্রমাণ রয়েছে, যার ভিত্তিতেই গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কুণাল ঘোষের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলেও জানিয়েছেন তিনি।গ্রেফতারের পর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরেশরাম দাস বলেন, "আমাকে সই করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না আমার বিরুদ্ধে কী অভিযোগ। কেন গ্রেফতার করা হয়েছে। যাই।"বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। একদিকে একাধিক গুরুতর অভিযোগ ও পুলিশের তদন্ত, অন্যদিকে গ্রেফতারির সময় নিয়ে রাজনৈতিক প্রশ্ন—সব মিলিয়ে পরেশরাম দাসের গ্রেফতারি ঘিরে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ
দেশ
আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল