নিজস্ব সংবাদদাতা : মানবসেবার অন্যতম বড় মাধ্যম রক্তদান। আর সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত হল এক বৃহৎ রক্তদান উৎসব। এই শিবিরে ৫২ জন মহিলা সহ মোট ২৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাজগতের একাধিক সম্মানীয় মানুষ। অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ জানা, স্যার আশুতোষ উচ্চতর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ পাল, রামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভগীরথ মাইতি, গৌরা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সোমনাথ ভৌমিক ও আশীষ ঘোষ, রামপুর হাই স্কুল পরিচালন কমিটির সভাপতি মলয় জানা, গোমকপতা গুণধর বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত বুড়াই এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচাঁদ কুমার দিগার। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। বর্তমান সময়ে রক্তের চাহিদা ক্রমশ বাড়ছে, তাই সাধারণ মানুষের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন। রক্তদান উৎসবে অংশ নেওয়া প্রত্যেক রক্তদাতাকে ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। ট্রাস্টের সম্পাদক দিলীপ গুছাইত জানান, সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ধরনের মানবিক উদ্যোগকে আরও সফল করে তুলছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
