পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত অশোক সিংয়ের (50) মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিযুক্ত। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সেই সাজা বহাল রাখে। তবে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দিতে আগামী তিন মাস সাজা কার্যকর স্থগিত রাখা হয়েছে। 2024 সালের 24 নভেম্বর হুগলির গুড়াপে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের এক শিশুকন্যা। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী অশোক সিংয়ের বাড়িতে কাঠের স্তূপের নিচ থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার তদন্তের পর 2025 সালে হুগলির পকসো আদালতে মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। মোট 27 জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অশোক সিং।মামলার শুনানিতে ময়নাতদন্তের রিপোর্ট এবং শিশুটির উপর হওয়া নৃশংস নির্যাতনের বিষয়টিও উঠে আসে। আইনজীবীর বক্তব্য , “অভিযুক্ত অশোক সিংয়ের বয়স 50। গুড়াপে এর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ছিল। সে মদ খেয়ে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে। এরপর 5 বছরের মেয়েকে ধর্ষণ ও খুন করে সে। মা-বাবা মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় অশোকের বাড়িতে দেখতে পান। ময়নাতদন্তের রিপোর্টে হাড়হিম ঘটনা সামনে আসে। দেখা যায় শিশুটিকে বারেবারে দেওয়ালে ছুড়ে-ছুড়ে মারা হয়। এরপর পকসো আদালত ফাঁসির সাজা দেয়।” দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপ করেনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সর্বোচ্চ আদালতে যাওয়ার সুযোগ খোলা রেখে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে এই মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।