শিল্পায়ন, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘পেস’ মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা!
নিজস্ব সংবাদদাতা : শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিশা দেখানোর পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মসংস্থানমূলক উদ্যোগ ‘পেস’ (Police Assistance in Career and Employment Enhancement)-এর অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। পূর্বতন সরকারের শিল্পনীতি ও কর্মসংস্থান নিয়ে সমালোচনা করার পাশাপাশি প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও স্পষ্টভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।শিল্পায়নে বিনিয়োগ ও কর্মসংস্থানের বার্তা : মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই 33টি শিল্পগোষ্ঠীকে জমি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন শিল্প প্রকল্পের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শ্যাম স্টিল, অমিত মেটালিক্স, আমূলের প্ল্যান্ট এবং লাক্স কোজির মতো একাধিক সংস্থার প্রকল্পের ভূমিপুজো ও উদ্বোধনের কথাও উল্লেখ করেন তিনি।

জিন্দাল গোষ্ঠীর দ্বিতীয় ইউনিটের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সজ্জন জিন্দালের সঙ্গে কথা হয়েছে। জানুয়ারিতে তাঁরা দ্বিতীয় ইউনিটের সূচনা করতে চান। একটি পাবলিক হিয়ারিং বাকি আছে, জেলাশাসক তা দ্রুত দেখে নেবেন।”রাজ্যে আর বন্ধের রাজনীতি চলবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর আশ্বাস, যে শিল্পসংস্থা যত বেশি কর্মসংস্থান তৈরি করবে, সরকার তাদের তত বেশি সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।বেকারদের জন্য নতুন পোর্টাল, সরকারি চাকরিতে বয়সের ছাড় : কর্মসংস্থান প্রসঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে চলে যেতে বাধ্য করার ফলে শিল্পক্ষেত্রে বড় ক্ষতি হয়েছিল। এসএসসি নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রবণতা এবং 51টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, আগের কর্মসংস্থান পোর্টালে প্রায় সাড়ে আট লক্ষ আবেদনকারীর কাছ থেকে 500 টাকা করে নেওয়া হলেও চাকরি পেয়েছিলেন মাত্র 9 হাজার জন। এই পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান পোর্টাল চালুর কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি 1,031 জনকে চিহ্নিত করার কথাও জানান।সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমায় অতিরিক্ত দু’বছরের ছাড় দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, 2027 সাল থেকে এই সুবিধা কার্যকর হবে। স্বনির্ভরতার লক্ষ্যে ‘বিশ্বকর্মা যোজনা’ ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। আগামী দিনে কলেজ পড়ুয়াদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প চালুর পরিকল্পনার কথাও জানান। মাদক, সাট্টা ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স : শিল্প ও কর্মসংস্থানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নেও পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মাদক কারবার, সাট্টা ও জুয়ার ঠেক অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন তিনি।

পুজো কমিটিগুলিকেও সতর্ক করে জানান, পুজো হবে অনাড়ম্বর ও শান্তিপূর্ণভাবে। কোনওভাবেই পুজো প্রাঙ্গণে জুয়া বা সাট্টার আসর বসানো যাবে না।পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কিংবা এলাকায় গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এর ফল খারাপ হবে।” শিশুদের উপর শারীরিক নির্যাতন বন্ধ করারও আবেদন জানান তিনি।খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, অপরাধীদের কাউকেই রেয়াত করা হবে না। সব মিলিয়ে ‘পেস’-এর মঞ্চ থেকে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, যুবসমাজের স্বনির্ভরতা এবং অপরাধ দমনের প্রশ্নে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উৎসবের আমেজে মাতোয়ারা শহর!
পশ্চিম মেদিনীপুর
ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব
পশ্চিম মেদিনীপুর