খাকুড়দায় পজিটিভ প্যারেন্টিং কর্মশালা, শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক অভিভাবকত্বের উপর জোর
নিজস্ব সংবাদদাতা : শিশুদের সঠিক মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ পারিবারিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খাকুড়দায় আয়োজিত হল ‘পজিটিভ প্যারেন্টিং প্রোগ্রাম’ বা ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা। ভাগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার IQUC-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন 52 জন অভিভাবক-অভিভাবিকা।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ উৎপল মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বেশদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য সুন্দর পাল, জামবলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম পইড়া। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র।আলোচনা সভার শুরুতে মুখ্য আলোচক উৎপল মুখোপাধ্যায় সন্তান লালন-পালনের ক্ষেত্রে ইতিবাচক অভিভাবকত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান দ্রুত পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর সমাজে সন্তানদের সঠিক পথে পরিচালিত করা অভিভাবকদের কাছে ক্রমশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রত্যেক অভিভাবকই চান তাঁদের সন্তান সুস্থ, সফল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। সেই লক্ষ্য পূরণে কঠোর শাসনের পরিবর্তে সন্তানদের সঙ্গে বোঝাপড়া, ভালোবাসা, ধৈর্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পজিটিভ প্যারেন্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।অন্যান্য আলোচকরাও শিশুদের মানসিক বিকাশ, পারিবারিক সম্পর্ক এবং অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র বলেন, প্রযুক্তির প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে শিশুদের বেড়ে ওঠার পরিবেশ অনেকটাই বদলে গিয়েছে। বর্তমান সময়ে পুরনো দিনের কঠোর শাসনের পরিবর্তে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। পরিবারে শিশু যখন নিজেকে নিরাপদ মনে করে এবং নিজের মনের কথা প্রকাশের সুযোগ পায়, তখন তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর মধ্য দিয়েই একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে তার বিকাশ সম্ভব।অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে উপস্থিত অভিভাবক-অভিভাবিকারা সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আলোচকরা তাঁদের সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।কর্মশালা শেষে অভিভাবক-অভিভাবিকারা এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি করে আয়োজন করার প্রস্তাব দেন। তাঁদের প্রস্তাবে সাড়া দিয়ে কলেজের অধ্যক্ষ ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের আশ্বাস দেন। শিশুদের সুস্থ মানসিক বিকাশ এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উপস্থিত সকলে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর
গড়বেতার রসকুণ্ডু জঙ্গলের ল্যাদাপোল এলাকায় ট্রাক দুর্ঘটনা!
পশ্চিম মেদিনীপুর