চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
অভিজিৎ সাহা : আইন রক্ষার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধেই উঠল ঘুষ নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে টাকা নেওয়ার সময় চন্দ্রকোনা থানার এক ASI-কে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)। ধৃত পুলিশ আধিকারিকের নাম মোহন সামন্ত। এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।সূত্রের খবর, চন্দ্রকোনা থানা থেকে কিছুটা দূরে রাস্তার ধারে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় ASI মোহন সামন্তকে ধরে ফেলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকেরা। অভিযানে প্রায় 10 জনের একটি দল অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে।অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়া চন্দ্রকোনার রামগড় গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, আদালতে বিচারাধীন একটি মামলার কেস ডায়েরি (CD) পুলিশের পক্ষ থেকে জমা দেওয়ার কথা থাকলেও তা জমা করা হচ্ছিল না। এই কাজ করে দেওয়ার পরিবর্তে এএসআই মোহন সামন্ত তাঁর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ।এরপরই বিষয়টি জানিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দ্বারস্থ হন বিশ্বজিৎবাবু। অভিযোগের ভিত্তিতে পরিকল্পনা করে অভিযান চালান তদন্তকারী আধিকারিকেরা। সেই অভিযানেই টাকা লেনদেনের সময় ধরা পড়েন অভিযুক্ত পুলিশ আধিকারিক।সূত্রের খবর, ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। পাশাপাশি চলছে পরবর্তী আইনি প্রক্রিয়া। তবে এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এখন তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।