৪০০ বছরের ঐতিহ্যের সাক্ষী! চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রায় ভক্তদের ঢল!

৪০০ বছরের ঐতিহ্যের সাক্ষী! চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রায় ভক্তদের ঢল!

সুমন মন্ডল : প্রায় চার শতাব্দীর ঐতিহ্য বহন করে চলা চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রাকে ঘিরে এবারও উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠলেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। রথের দিন সকাল থেকেই চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াগঞ্জ এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষজন।এদিন রথের শুভ সূচনায় রশিতে টান দেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র

তাঁদের উপস্থিতিতে ধর্মীয় উৎসবের আবহ আরও উৎসবমুখর হয়ে ওঠে। চারশো বছরের এই ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে ভক্তদের উৎসাহ ও আবেগ যেন প্রতি বছরই নতুন মাত্রা পায়। ঐতিহাসিক এই রথযাত্রা রামানুজ বেদান্ত পরম্পরার সঙ্গে যুক্ত এবং এলাকার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। রীতি অনুযায়ী, নয়াগঞ্জ থেকে শোভাযাত্রা শুরু করে রথে আরোহন করেন প্রভু জগন্নাথ।

সেখান থেকে রথ পৌঁছায় ঠাকুরবাড়ির ‘মাসিবাড়ি’-তে, যেখানে দেবতারা আট দিন অবস্থান করেন। নির্ধারিত সময় শেষে উল্টো রথের মাধ্যমে পুনরায় নয়াগঞ্জে ফিরে আসেন।রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি এলাকায় আট দিনব্যাপী বসেছে এক বিশাল মেলা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দোকান, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা আকর্ষণে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক।