৯ম আন্তঃকলেজ কাবাডি: পুরুষে কে ডি, মহিলা বিভাগে পাঁশকুড়া বনমালী চ্যাম্পিয়ন
নিজস্ব সংবাদদাতা :বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৯ম আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। শক্তি, ক্ষিপ্রতা, কৌশল ও দলগত দক্ষতার দারুণ সমন্বয় দেখা যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া কলেজগুলির খেলোয়াড়দের মধ্যে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অশোক কুমার এবং ডিন অব সায়েন্স অধ্যাপক পরেশচন্দ্র জানা। বক্তব্যে তাঁরা কাবাডির ঐতিহ্য ও গুরুত্বের পাশাপাশি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকার কথা তুলে ধরেন।

পুরুষ বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয় কে ডি কলেজ। ফাইনালে রানার্স-আপ হয় নারাজোল রাজ কলেজ। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্যের জন্য বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে ডি কলেজের লাকি আলি খান।

মহিলা বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় পাঁশকুড়া বনমালী কলেজ। ফাইনালে রানার্স-আপ হয় ময়না কলেজ। এই বিভাগে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ময়না কলেজের প্রীতি মাইতি।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী এবং স্পোর্টস অফিসার সুহাস বারিক। তাঁদের হাত থেকে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।দুরন্ত রেইড, শক্তিশালী ডিফেন্স এবং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের লড়াইয়ে জমজমাট হয়ে ওঠে প্রতিযোগিতা। এই আয়োজন পড়ুয়াদের মধ্যে কাবাডির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।