বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!
অরিন্দম চক্রবর্তী : দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া পীর লোহানীয়া প্রাইমারি স্কুলে নিষ্ঠার সঙ্গে পাঠদান করার পর বৃহস্পতিবার বদলি হলেন সকলের প্রিয় শিক্ষিকা পাপিয়া চট্টোপাধ্যায়। তাঁর নতুন কর্মস্থল হয়েছে খড়গপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার প্রাইমারি স্কুল।

বদলির খবর ছড়িয়ে পড়তেই স্কুলজুড়ে নেমে আসে আবেগঘন পরিবেশ। প্রিয় দিদিমণিকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ছোট্ট পড়ুয়ারা। কেউ তাঁর হাত শক্ত করে ধরে রাখে, কেউ আবার জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ওঠে। সরকারি নিয়মে বদলি হলেও, খুদেদের কাছে সেই বাস্তবতা যেন মেনে নেওয়া ছিল অত্যন্ত কঠিন।

শুধু ছাত্রছাত্রীরাই নন, আবেগাপ্লুত হয়ে পড়েন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বানীপ্রভা-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। ফুলের মতো ছোট ছোট পড়ুয়াদের কান্না দেখে উপস্থিত বহু অভিভাবকের চোখেও জল এসে যায়। কিছু সময়ের জন্য গোটা স্কুল প্রাঙ্গণ যেন স্তব্ধ হয়ে পড়ে।বিদায়ের মুহূর্তে আবেগ সামলে পাপিয়া চট্টোপাধ্যায় তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করার, বড় মানুষ হওয়ার এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানিয়ে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন।এই আবেগঘন বিদায়ের দৃশ্য আবারও মনে করিয়ে দিল, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠই দেন না—তিনি হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম অনুপ্রেরণা, ভালোবাসা ও বিশ্বাসের আশ্রয়।