নিজস্ব সংবাদদাতা : প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে নাগরিক পরিষেবাকে আরও সক্রিয় করতে আসানসোল পুরনিগমে চালু হল নতুন উদ্যোগ। পুরবোর্ড ভেঙে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার পুর কমিশনারের দপ্তরে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য 'লাইভ ফোন-ইন' কর্মসূচির আয়োজন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য অপসারণ-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ উঠে আসে। মন্ত্রী প্রতিটি অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের তা নথিভুক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, সমস্যার সমাধান হলে সংশ্লিষ্ট অভিযোগকারীকে সরাসরি তা জানানো হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম, পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে একাধিক অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন আসানসোলের বাসিন্দারা। তাঁদের আশা, দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলির দ্রুত সমাধান হবে এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ পরিষেবা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলবে।