Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘অ্যামাজনের পদ্ম’—গবেষণায় নতুন দিগন্তের সূচনা!

নিজস্ব সংবাদদাতা : ৬ মে, বুধবার—প্রকৃতি ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের বিরল জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া অ্যামাজনিকা (Giant Water Lily) কৃত্রিমভাবে নির্মিত জলাশয়ে সফলভাবে রোপণ করা হয়েছে।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তাঁর সঙ্গে ছিলেন উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক অমল কুমার মণ্ডল এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

জল সিঞ্চনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিরল উদ্ভিদের কন্দ রোপণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষাকর্মীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ নজর কাড়ে।প্রকৃতির এক বিস্ময় হিসেবে পরিচিত ভিক্টোরিয়া অ্যামাজনিকা তার বিশাল আকারের জন্য বিশেষভাবে খ্যাত। এর পাতার ব্যাস ১০ ফুটেরও বেশি হতে পারে, এমনকি ছোট শিশু পর্যন্ত সেই পাতার উপর ভেসে থাকতে পারে। পশ্চিমবঙ্গে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র শিবপুর সদর দপ্তর ছাড়া এই উদ্ভিদের উপস্থিতি অত্যন্ত বিরল। সেই দিক থেকে বিশ্ববিদ্যালয়ে এর সফল রোপণ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন। উপাচার্য তাঁর বক্তব্যে জানান, এই উদ্যোগ ভবিষ্যতে উদ্ভিদ গবেষণা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অন্যদিকে, অধ্যাপক অমল কুমার মণ্ডল জানান, উপাচার্যের সক্রিয় সহযোগিতা এবং বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই উদ্যোগ সফল হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এই উদ্যোগের মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল, গবেষণা, সংরক্ষণ এবং প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় তাদের অঙ্গীকার কতটা দৃঢ়।

Latest