অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পুরনো স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তনীরা, 77 বছরের ঐতিহ্যকে সঙ্গী করে নতুন স্বপ্নের পথে খড়্গপুর কলেজ!

পুরনো স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তনীরা, 77 বছরের ঐতিহ্যকে সঙ্গী করে নতুন স্বপ্নের পথে খড়্গপুর কলেজ!

অপূর্ব মজুমদার : ছাত্রজীবনের স্মৃতি, পুরনো বন্ধুদের সঙ্গে পুনরায় দেখা, শিক্ষক-শিক্ষিকাদের সান্নিধ্য আর গান, নাচ, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো খড়্গপুর কলেজের প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠান। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই মিলনমেলা হয়ে উঠেছিল স্মৃতি ও আনন্দের এক বিশেষ উপলক্ষ। একই সঙ্গে কলেজের পরিকাঠামোগত উন্নয়ন, উচ্চশিক্ষার ভবিষ্যৎ এবং শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষার সংযোগ নিয়েও উঠে আসে গুরুত্বপূর্ণ আলোচনা।অনুষ্ঠানের সূচনায় খড়্গপুর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের গঠন ও পুনর্গঠনের ইতিহাস তুলে ধরেন কলেজের বর্তমান অধ্যাপক প্রদীপ কুমার গায়েন। তিনি জানান, 2016 সালে প্রথম খড়্গপুর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠিত হলেও তা প্রত্যাশিতভাবে কার্যকর হয়নি। পরবর্তীকালে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে চলতি বছরে নতুন উদ্যোগে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সমবেত কণ্ঠে 'বন্দেমাতরম'-এর প্রথম স্তোত্র পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় 'আয় তব সহচরী'। একযোগে প্রদীপ প্রজ্জ্বলন করেন কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিলয় কুমার ব্যানার্জি, অধ্যাপক দিলীপ গোস্বামী, অধ্যাপিকা শুক্লা সাহা মণ্ডল, রবীন্দ্র মুখোপাধ্যায়, যশবন্ত রয় এবং অনুপম চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

কলেজের উন্নয়নে প্রাক্তনীদের সহযোগিতার আহ্বান

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত বলেন, সকলের সহযোগিতা পেলে খড়্গপুর কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি জানান, আমের-সিল কেটেক্সের ছয়টি ইউনিট রয়েছে এবং সংস্থার পক্ষ থেকে কলেজকে 40 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কলেজের উন্নয়নে প্রাক্তনী ও শিল্পপ্রতিষ্ঠানগুলির সহযোগিতার গুরুত্বও তাঁর বক্তব্যে উঠে আসে।দিনের অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল 'কৃষ্ণা রায় মেমোরিয়াল সেমিনার রুম'-এর উদ্বোধন। সুকুমার রায়ের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই সেমিনার কক্ষের নামকরণ করা হয়েছে। কলেজের শিক্ষামূলক ও আলোচনাভিত্তিক কার্যক্রমে এই নতুন পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়।

শিল্পের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম তৈরির পরামর্শ

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন JK Tyre & Industries-এর Director ও Chief Executive ডঃ রবীন্দ্র মুখোপাধ্যায়। উচ্চশিক্ষা, প্রযুক্তি, শিল্পের ভবিষ্যৎ এবং পরিবেশগত সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।তিনি কর্ণাটকের মহীশূরে এমন একটি প্রতিষ্ঠানের উদাহরণ দেন, যেখানে রবিবারেও অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। তাঁর মতে, আগামী দিনে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের জন্য রসায়ন, পদার্থবিদ্যা ও গণিতের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম তৈরি করা জরুরি। তবেই শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ সম্ভব হবে।ভারতের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের মধ্যেই ধরে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা এবং দেশীয় শিল্পের বিকাশের প্রয়োজনীয়তা।এছাড়াও দিল্লি-সহ বিভিন্ন বড় শহরের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে Environmental Science-এ আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। বর্জ্য পুনর্ব্যবহার বা Recycling Industry গড়ে তোলার ওপর জোর দিয়ে তাঁর বক্তব্য, কোনও সম্পদই যেন অপচয় না হয়। দেশের পরিকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে সড়ক যোগাযোগের পাশাপাশি বন্দরগুলিকে সংযুক্ত করার জন্য 'সাগরমালা' প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।

কলেজের 77 বছরের ইতিহাস ও স্মৃতিচারণ

প্রাক্তন অধ্যক্ষ নিলয় কুমার ব্যানার্জি কলেজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন। তিনি জানান, 12 বছরেরও বেশি সময় এই কলেজে কাটিয়েছেন। কলেজের প্রতি ভালোবাসা এবং সেই সময়ের স্মৃতি আজও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।তিনি আরও জানান, খড়্গপুর কলেজের বয়স বর্তমানে 77 বছর। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হিমাংশু ভূষণ সরকার। স্মৃতিচারণের পাশাপাশি নিজের লেখা 'খোলা জানালা' শীর্ষক স্বরচিত কবিতাও পাঠ করে শোনান তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাক্তনীদের সঙ্গে প্রতিষ্ঠানের আবেগের সম্পর্ক।

নতুন কমিটি গঠন, সংগঠনকে সক্রিয় করার উদ্যোগ

খড়্গপুর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে আরও সংগঠিত ও কার্যকর করে তোলার লক্ষ্যে এদিন নতুন কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ সামন্তকে। সভাপতি নির্বাচিত হয়েছেন নিলাদ্রী মিশ্র এবং সম্পাদক হয়েছেন আলাপন ভট্টাচার্য। এছাড়াও চারজন সহ-সভাপতি, পাঁচজন সহ-সম্পাদক এবং তিনজন কোষাধ্যক্ষকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অ্যাডভাইজরি কমিটিও তৈরি করা হয়েছে।

গান, নাচ ও কবিতায় জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

পুনর্মিলন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী স্নেহা পাল 'লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে' গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। পিংকি সঞ্জয় জানা পরিবেশন করেন 'আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা' গানটি।এছাড়াও 'দিয়ে জ্বলতে হ্যায়' এবং জনপ্রিয় 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গানের সঙ্গে নাচে অংশ নেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরাও। সুদীপা দাস-সহ আরও অনেকে নৃত্য পরিবেশন করেন। সুরজিৎ বসু ও রিংকু কাঞ্জিলাল-সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। দেবরাজ করের বাঁশির সুর এবং গৌতম সামন্তের তবলার সঙ্গত সাংস্কৃতিক পরিবেশনায় বিশেষ মাত্রা যোগ করে।একাঙ্ক নাটক পরিবেশন করেন প্রাক্তনী দেবাশীষ খাটুয়া। সমগ্র অনুষ্ঠানটি সুনিপুণভাবে সঞ্চালনা করেন বাচিকশিল্পী সায়রী অধিকারী।সব মিলিয়ে খড়্গপুর কলেজের এই প্রাক্তনী পুনর্মিলন শুধুমাত্র পুরনো দিনের স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকেনি। বরং কলেজের ঐতিহ্যকে সামনে রেখে ভবিষ্যতের উন্নয়ন, শিক্ষার আধুনিকীকরণ এবং প্রাক্তনীদের সম্মিলিত সহযোগিতায় নতুন পথ চলার অঙ্গীকারও উঠে এসেছে এই আয়োজনে। প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে দিনটি হয়ে রইল এক স্মরণীয় মিলনমেলা।