অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং রাজ্যের নাম বদলে সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ, 9 ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পেশের ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-সহ 6 দফা দাবিতে পূর্ব মেদিনীপুরে ডেপুটেশন, স্মারকলিপি জমা SUCI-র

‘আকভান’-এ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-সহ 6 দফা দাবিতে পূর্ব মেদিনীপুরে ডেপুটেশন, স্মারকলিপি জমা SUCI-র

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, জলমগ্ন ধানজমি থেকে দ্রুত জল নিষ্কাশন-সহ ছয় দফা দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দিল SUCI (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। জেলাশাসকের দপ্তরে জমা দেওয়া এই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), হর্টিকালচার দপ্তরের উপ-অধিকর্তা এবং মুখ্য কৃষি আধিকারিক। প্রতিনিধিদলে ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা এবং জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ, কার্তিক বেরা ও স্বপন সামন্ত-সহ অন্যান্যরা।

নারায়ণ চন্দ্র নায়কের দাবি, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে জেলার আমন ধান, সবজি, পান ও ফুলচাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বর্ষার জলবন্দি পরিস্থিতির ক্ষতি সামলে ওঠার আগেই পরপর তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাবে কৃষিকাজ ফের বিপর্যস্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্ষতিগ্রস্তদের এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণার প্রেক্ষিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে দ্রুত সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জলমগ্ন ধানজমি থেকে দ্রুত জল বের করার ব্যবস্থা, ধান-সহ পান, ফুল ও সবজিচাষিদের ক্ষতিপূরণ, আগামী বোরো মরশুমে বিনামূল্যে বিকল্প ফসলের বীজ সরবরাহ, কৃষিঋণ মকুব, ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ এবং ফসল বিমা যোজনার জটিলতা দূর করা। পাশাপাশি ধান কাটার কাজে জব কার্ডধারীদের যুক্ত করার দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, একই দাবিতে সারা ভারত কিষান ও ক্ষেতমজদুর সংগঠন (AIKKMS)-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকেও জেলার মুখ্য কৃষি আধিকারিক এবং হর্টিকালচার দপ্তরের উপ-অধিকর্তার কাছে পৃথক স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের জেলা সভাপতি উৎপল প্রধান এবং জেলা নেতৃত্ব প্রবীর প্রধান ও সোমনাথ ভৌমিক-সহ অন্যান্যরা। ঘূর্ণিঝড়ের পর কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি সামাল দিতে দ্রুত সরকারি সাহায্য ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে দুই সংগঠনের এই উদ্যোগে জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যাগুলি ফের সামনে উঠে এল।