অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!

মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!

সেখ ওয়ারেশ আলী : রবিবার, 22 নভেম্বর সকাল থেকেই উৎসবের আবহে অনুষ্ঠিত হলো মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ভোটগ্রহণ পর্ব। এরপর সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গণনা শেষে প্রকাশিত হয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল। এই নির্বাচনে মোট 11 জন প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচনে জয়ের পর নবনির্বাচিত সদস্যদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ। তাঁদের সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে খুশির আবহ। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আনোয়ার খাঁন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেখ আব্দুল আজিজ। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাজিম খাঁন। সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেখ আব্দুল আজিজ (মুক্তা), সেখ ইউনুস, আনোয়ার রেজা, সেখ ইউসুফ আলী ও সেখ ইউনুস আলী। অন্যদিকে, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারেক।

নির্বাচনে জয়ের পর আগামী দিনের কর্মপরিকল্পনা ও মেদিনীপুর শহরের সার্বিক সামাজিক উন্নয়ন নিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন নবনির্বাচিত সদস্যরা। তাঁদের বক্তব্য, আগামী দিনে যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিক্ষার প্রসার ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে নেশার আসক্তি থেকে দূরে রাখতে এবং মেদিনীপুর শহরকে নেশামুক্ত পরিবেশে গড়ে তুলতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।এছাড়াও আর্থিক অনটনের কারণে যেসব দরিদ্র ও অসহায় পরিবার তাঁদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে সমস্যায় পড়েন, সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সদস্যরা। সমাজের পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের পাশে থেকে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নেও কাজ করার অঙ্গীকার করেছেন তাঁরা।সব মিলিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে নতুন দায়িত্ব পাওয়া সদস্যদের সামনে এখন একাধিক সামাজিক ও উন্নয়নমূলক কাজের চ্যালেঞ্জ। কর্মসংস্থান, শিক্ষা, নেশামুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে পরিকল্পনার কথা তাঁরা জানিয়েছেন, আগামী দিনে তার বাস্তবায়নই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম লক্ষ্য।