নিজস্ব সংবাদদাতা : ১৫ই জুলাই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে 'নারী শিক্ষা, ক্ষমতায়ন ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস)। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, বিধায়ক বিমান মাহাতো-সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার, নারীর আত্মনির্ভরতা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত, সচেতন, আত্মবিশ্বাসী ও নিরাপদ নারী সমাজই একটি উন্নত ও প্রগতিশীল জাতির মূল ভিত্তি।

আজকের ছাত্রীরাই আগামী দিনের প্রশাসন, শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, শিল্প-সংস্কৃতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই তাদের মানসম্মত শিক্ষা, নিরাপত্তা, আত্মরক্ষার সচেতনতা এবং সর্বাঙ্গীণ ক্ষমতায়ন নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।