শিলাবতীর বাড়ন্ত জলে ডুবল বাঁশের সাঁকো, চন্দ্রকোনায় বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ!

শিলাবতীর বাড়ন্ত জলে ডুবল বাঁশের সাঁকো, চন্দ্রকোনায় বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ!

সুমন মণ্ডল : টানা নিম্নচাপজনিত বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার জেরে নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা–২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর উপর নির্মিত এই বাঁশের সাঁকোটিই ছিল এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতাল যাতায়াত—সব ক্ষেত্রেই এই সাঁকোর উপর নির্ভর করতে হতো।

নদীর জল বেড়ে সাঁকো ডুবে যাওয়ায় এখন বাসিন্দাদের বহুটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে নৌকায় নদী পারাপার করছেন, যা বর্ষার উত্তাল স্রোতের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে দাবি স্থানীয়দের।গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখে পড়তে হয়। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে বর্ষা এলেই কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকাজের উপর তার সরাসরি প্রভাব পড়ে।স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলে প্রতি বছরের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।