উপভোক্তাদের বাড়িতে পৌঁছে বিডিও,দাঁতনে বঙ্গ আবাস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

উপভোক্তাদের বাড়িতে পৌঁছে বিডিও,দাঁতনে বঙ্গ আবাস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
নিজস্ব সংবাদদাতা: বঙ্গ আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন–২ নম্বর ব্লকে প্রকল্পের বিভিন্ন বাড়ি সরেজমিনে পরিদর্শন করলেন ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। ব্লকের একাধিক গ্রাম ও এলাকায় গিয়ে তিনি বঙ্গ আবাস প্রকল্পের আওতায় নির্মীয়মাণ বাড়িগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রতিটি বাড়ির বর্তমান নির্মাণ পরিস্থিতি, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনের সময় উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন বিডিও। বাড়ি নির্মাণে কোনও প্রশাসনিক বা কারিগরি সমস্যা, অর্থপ্রাপ্তি কিংবা অন্য কোনও প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত খোঁজ নেন। উপভোক্তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বঙ্গ আবাস প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা এবং প্রতিটি উপভোক্তা যাতে প্রকল্পের পূর্ণ সুবিধা পান, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।