দীর্ঘ অপেক্ষার অবসান! চন্দ্রকোনা রোডে আবাস যোজনার বকেয়া অনুমোদনপত্র পেলেন উপভোক্তারা!
অভিজিৎ সাহা : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের আবাস যোজনার বকেয়া উপভোক্তাদের হাতে আর্থিক অনুমোদনপত্র তুলে দিল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে গড়বেতা-৩ বিডিও অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের মধ্যে এই অনুমোদনপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সন্দীপ ভৌমিক, সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌড়ি, সুশান্ত কারক-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুমোদনপত্র হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়। দীর্ঘদিন ধরে সরকারি সহায়তার অপেক্ষায় থাকা বহু পরিবারের কাছে এই অনুমোদন নতুন করে স্থায়ী বাসস্থানের আশা জাগিয়েছে বলে জানান উপস্থিত উপভোক্তারা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে আবাস যোজনার বকেয়া উপভোক্তাদের আর্থিক অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আওতায় পশ্চিমবঙ্গে মোট ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার জন্য আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে মোট ৬,১২২.২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে বহু পরিবার পাকা বাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।এলাকাবাসীর আশা, অনুমোদনপত্র বিতরণের পর দ্রুত পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে এবং উপভোক্তারা শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারবেন।