বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন ‘ভারত বৌদ্ধিকস 2.0’ পরীক্ষা, অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত 354-রও বেশি শিক্ষার্থীর
নিজস্ব সংবাদদাতা : ভারতের সমৃদ্ধ প্রাচীন জ্ঞান ও ঐতিহ্যকে উচ্চশিক্ষার মূলধারায় যুক্ত করার লক্ষ্যে বিদ্যাভারতী উচ্চ শিক্ষা সংস্থান (VBUSS)-এর উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় স্তরের ‘ভারত বৌদ্ধিকস 2.0’ (Bharat BoudhIKS 2.0) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত 21 নভেম্বর, 2026 তারিখে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় স্তরের এই পরীক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষামহলে উৎসাহের পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য 354 জনেরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, তবুও সামগ্রিকভাবে অফলাইন বা পেন অ্যান্ড পেপার পদ্ধতিতে আয়োজিত পরীক্ষাটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। জাতীয় শিক্ষানীতি (NEP) 2020-র ভাবনা ও আদর্শকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয়ের মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানচর্চা বা Indian Knowledge Systems (IKS)-কে আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত করা। ভারতীয় জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাচীন মননচর্চার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ এবং সচেতনতা বাড়ানোই এই পরীক্ষার অন্যতম লক্ষ্য। পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আগেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত 29 অক্টোবর, 2026 তারিখে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভারতীয় জ্ঞান পরম্পরা (IKS) এবং ‘ভারত বৌদ্ধিকস 2.0’ পরীক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু ও পরীক্ষার কাঠামো সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে একটি বিশেষ সেমিনার ও ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির পক্ষ থেকে তিনটি ভিন্ন ভাষায় পর্যাপ্ত সংখ্যক ‘ভারত বৌদ্ধিকস’ বইয়ের সেট সংগ্রহ করা হয়। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ পান। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের নির্দেশ ও পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দে-র নেতৃত্বে পরীক্ষার যাবতীয় আয়োজন ও পরিচালনার কাজ সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, আয়োজক কমিটি এবং সহযোগী কর্মীদের সম্মিলিত উদ্যোগে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দে। তাঁর মতে, ‘ভারত বৌদ্ধিকস’-এর মতো উদ্যোগ শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের মধ্যে ভারতের সুপ্রাচীন ও সমৃদ্ধ জ্ঞান ঐতিহ্য সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি করবে। একইসঙ্গে ভারতীয় জ্ঞান পরম্পরার বিভিন্ন দিক নিয়ে অধ্যয়ন, গবেষণা ও চর্চার ক্ষেত্রেও এই ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারতীয় জ্ঞানচর্চাকে শিক্ষার বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘ভারত বৌদ্ধিকস 2.0’-এর সফল আয়োজন সেই উদ্যোগেরই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর DAV পাবলিক স্কুলে শিশুদের প্রতিভার বর্ণময় উদযাপন, জাঁকজমকে অনুষ্ঠিত ‘বাল ধামাল’
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে জীবন বাঁচানোর পাঠ! সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের উদ্যোগে গণ CPR প্রশিক্ষণ, অংশ নিলেন শতাধিক মানুষ
একটু প্রশিক্ষণ, একটু সচেতনতা—আপনার হাতেই বাঁচতে পারে একটি প্রাণ।
পশ্চিম মেদিনীপুর