অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আবেগঘন বিদায়! প্রয়াত TVK বিধায়ক ভি এস বাবুর শেষযাত্রায় কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়, খালি পায়ে হাঁটলেন শববাহী গাড়ির পাশে!

আবেগঘন বিদায়! প্রয়াত TVK বিধায়ক ভি এস বাবুর শেষযাত্রায় কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়, খালি পায়ে হাঁটলেন শববাহী গাড়ির পাশে!

নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক জীবনের পরিচিত গণ্ডি ছাপিয়ে মানবিক সম্পর্কের এক আবেগঘন ছবি ধরা পড়ল তামিলনাড়ুতে। প্রয়াত TVK বিধায়ক ভি এস বাবুর শেষযাত্রায় সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুধু শেষ শ্রদ্ধা জানানোই নয়, নিজের কাঁধে করে প্রয়াত বিধায়কের মরদেহ বাড়ি থেকে শববাহী গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন তিনি। এরপর খালি পায়ে শববাহী গাড়ির পাশে পাশে হেঁটে শেষযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ভূমিকা উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগের সৃষ্টি করে।75 বছর বয়সি ভি এস বাবু বৃহস্পতিবার, 19 নভেম্বর, চেন্নাইয়ের MGM Healthcare হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত 9 সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার, 20 নভেম্বর, চেন্নাইয়ের পেরাম্বুরে তাঁর বাসভবন থেকে শেষকৃত্যের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। দৃশ্যত শোকাহত মুখ্যমন্ত্রী নিজে অন্যদের সঙ্গে মরদেহ কাঁধে তুলে বাড়ি থেকে বের করে আনেন। পরে মরদেহ শববাহী গাড়িতে তোলা হলে তিনি নিজের পায়ের জুতো খুলে গাড়ির পাশে হাঁটতে শুরু করেন। প্রায় 2.3 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে থিরু ভি. কা. নগরের বৈদ্যুতিক শ্মশান পর্যন্ত যান তিনি।উল্লেখ্য, 2026 সালের এপ্রিল মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোলাথুর কেন্দ্র থেকে ডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে পরাজিত করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন ভি এস বাবু। প্রায় 8,795 ভোটের ব্যবধানে জয়ী হয়ে স্ট্যালিনের দীর্ঘ 15 বছরের নির্বাচনী আধিপত্যের অবসান ঘটান তিনি।

ভি এস বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে প্রয়াত বিধায়কের পরিবার, আত্মীয়স্বজন, দলীয় কর্মী এবং কোলাথুরের মানুষের প্রতি সমবেদনা জানান।প্রয়াত বিধায়কের শেষযাত্রায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন TVK-র একাধিক মন্ত্রী, বিধায়ক, দলীয় নেতৃত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরা। শেষকৃত্যের আগে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বও তাঁকে শেষ শ্রদ্ধা জানান।