সেখ ওয়ারেশ আলী : মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই মেদিনীপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অগ্রিম শুভেচ্ছা জানালেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক ড. শংকর গুছাইত।শুক্রবার, ৮ই মে সকাল থেকেই মেদিনীপুর শহরে মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ের বাইরে শিক্ষক-শিক্ষিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই আবহেই সেখানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শংকর গুছাইত।নিজেও পেশায় একজন শিক্ষক হওয়ায়, ফল প্রকাশের দিনের উদ্বেগ ও মানসিক চাপ তিনি খুব ভালোভাবেই বোঝেন বলে জানান বিজেপি বিধায়ক।

তিনি বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব ও চাপ আমি অনুভব করতে পারি। তাই আজ তাঁদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য বলে মনে হয়েছে।”একইসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রের বর্তমান পরিস্থিতির পরিবর্তন আনা জরুরি এবং নতুন সরকার সেই লক্ষ্যেই কাজ করবে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনাই আগামী দিনের প্রধান লক্ষ্য।রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের পর থেকেই শিক্ষা ইস্যুকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে বিজেপি। আর সেই বার্তাই এদিন আরও একবার তুলে ধরলেন ড. শংকর গুছাইত।