অভিজিৎ সাহা: ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ২৩৪ নম্বর শালবনি বিধানসভার অন্তর্গত শালবনি মণ্ডল–২ এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ জুলাই চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য, জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, শালবনি মণ্ডল–২-এর সভাপতি পলাশ সেন, রাজ্য, জেলা ও মণ্ডল কমিটির নেতৃবৃন্দ, মণ্ডলের অন্তর্গত সমস্ত বুথ সভাপতি, যুব মোর্চার কার্যকর্তা এবং দলের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ধীমান কোলে, গৌতম কৌরি, হরে রাম সিং, প্রণব ঘোষ, সঞ্জীব ঘোষ, পারিজাত চক্রবর্তী-সহ একাধিক নেতা ও সংগঠক।

দুই দিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন শান্তি দাস, স্বপন মান্না, অনির্বাণ, কাশব্য সিংহ, পশুপতি দোলুই, বিমান মাহাতো-সহ দলের একাধিক বক্তা। বক্তারা সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শনিষ্ঠ কর্মপদ্ধতি, জনমুখী রাজনীতি এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার আহ্বানও জানানো হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশদ আলোচনা করা হয়। বিষয়গুলির মধ্যে ছিল—জনসংযোগ, দেশ ও আদর্শ অনুসরণ করে কাজ, চরিত্র গঠন, সমন্বয়, সংগঠনের ইতিহাস এবং সংগঠনের আদর্শ। অভিজ্ঞ প্রশিক্ষক ও বক্তারা প্রতিটি বিষয়ে কর্মীদের বাস্তবভিত্তিক সাংগঠনিক কাজের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন।

আয়োজকদের বক্তব্য, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য দলের সর্বস্তরের কর্মীদের আদর্শগতভাবে আরও সুদৃঢ় করে তোলা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দলীয় মতাদর্শ ও সরকারি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তাঁদের প্রশিক্ষিত ও সচেতন করে তোলা। একই সঙ্গে বুথভিত্তিক সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।