সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক ক্লাব ও পার্টি অফিসে রবিবার বুলডোজার চালানো হয়।ছুটির দিনেই পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় এই অভিযান।

রবিবার বেলা ১২টা নাগাদ শহরের এলআইসি মোড়, পঞ্চুরচক-সহ একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, মোট ৬টি ক্লাব ও পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে সরকারি জমি ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণগুলি ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে প্রশাসনের দাবি।

প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পথচলতি সাধারণ মানুষ। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচল অনেকটাই সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এই উদ্যোগের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানান অনেকে।