Skip to content

ফুটপাত দখলমুক্ত করতে ঘাটালে বুলডোজার, জীবিকা হারিয়ে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের!

নিজস্ব সংবাদদাতা : পূর্বঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে শুরু হল প্রশাসনের দখলমুক্তি অভিযান। শুক্রবার বিকেলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে সরকারি জমি ও ফুটপাতে থাকা অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু করে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সরকারি জমি মুক্ত করতে এই অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে মাইকিং করে এবং নোটিস দিয়ে ১৭ জুলাইয়ের মধ্যে ফুটপাত ও সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শুক্রবার ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাসের উপস্থিতিতে ঘাটাল থানার পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন ফুটপাতের উপর গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান, অবৈধ কাঠামো ও দখলদারির নির্মাণ বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানজট কমানো এবং সরকারি জমি দখলমুক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

তবে প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য, বহু বছর ধরে ওই স্থানেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। উচ্ছেদের ফলে তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এক ব্যবসায়ীর কথায়, "সরকার যদি আমাদের সরিয়ে দেয়, তাহলে বিকল্প ব্যবস্থা করে দিক। না হলে পরিবার নিয়ে আমরা কোথায় যাব?"

ঘাটাল শহরের অন্যতম ব্যস্ত এলাকায় এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দিনভর চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রশাসন জানিয়েছে, সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এমন অভিযান চলবে।

Latest