Skip to content

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভক্তদের ঢল, সুষ্ঠুভাবে সম্পন্ন চন্দ্রকোনা রোডের রথযাত্রা

অভিজিৎ সাহা : প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। চন্দ্রকোনা রোড রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ অবশেষে শহর সংলগ্ন ডাবচা এলাকায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিনের বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা চন্দ্রকোনা রোড। ভিজে কাপড়েই বহু ভক্তকে রথের দড়ি টানতে এবং এক ঝলক জগন্নাথদেবের দর্শনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আবহাওয়ার প্রতিকূলতা ভক্তদের উচ্ছ্বাসে কোনও প্রভাব ফেলতে পারেনি।

এদিন রথের দড়ি টানেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। শহরের প্রাণকেন্দ্রে ও রথের পথজুড়ে কয়েক হাজার মানুষের সমাগমে উৎসবের আবহ তৈরি হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কড়া। গড়বেতা থানার পুলিশ, চন্দ্রকোনা বিট হাউসের পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নজরদারি ও টহলদারি ছিল চোখে পড়ার মতো, ফলে গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

upload in progress, 0

চন্দ্রকোনা রোড রথযাত্রা উদযাপন কমিটির সম্পাদক গৌতম কৌড়ি বলেন, "প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও যেভাবে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাতে আমরা অভিভূত। সকলের সহযোগিতা, প্রশাসনের সার্বিক সহায়তা এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের ফলেই এ বছরের রথযাত্রা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।" চন্দ্রকোনা বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য বলেন, "রথযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। গোটা অনুষ্ঠান জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে।" বৃষ্টি, ভক্তি ও উৎসবের আবহে এ বছরের চন্দ্রকোনা রোডের রথযাত্রা আবারও সম্প্রীতি, ঐতিহ্য এবং জনঅংশগ্রহণের এক উজ্জ্বল নজির হয়ে রইল।

Latest