১১ আগস্ট মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর, প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শনে জেলাশাসক-পুলিশ সুপার

১১ আগস্ট মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর, প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শনে জেলাশাসক-পুলিশ সুপার
সেখ ওয়ারেশ আলী:আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর স্মরণসভাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সফরকে ঘিরে প্রশাসনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এই সফরকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মোহবনী এলাকায় সভাস্থল ও আশপাশের পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশ বিভাগের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।পরিদর্শনের সময় সভাস্থলের সামগ্রিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভিআইপি রুট, যান চলাচলের বিকল্প পরিকল্পনা, পার্কিং ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। অনুষ্ঠানের দিন যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিক প্রয়োজনীয় নির্দেশ দেন জেলাশাসক ও পুলিশ সুপার।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সভাস্থল এবং সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।শহিদ ক্ষুদিরাম বসুর স্মরণসভাকে ঘিরে জেলার প্রশাসনিক মহলে এখন ব্যস্ততা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সফরকে সফল ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।