Skip to content

রশ্মি গ্রুপের মানবিক উদ্যোগ, আম্বা পশ্চিমে মিলল কমিউনিটি হল ও আইসিডিএস কেন্দ্র!

নিজস্ব সংবাদদাতা : রশ্মি গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কর্মসূচির আওতায় পশ্চিম মেদিনীপুরের আম্বা পশ্চিম (জাগাই) গ্রামে নবনির্মিত একটি কমিউনিটি হল এবং আইসিডিএস (ICDS) কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে। স্থানীয় মানুষের সামাজিক ও সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।রশ্মি মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ‘জাগাই গরম বুড়ি কোরা কোডা সমিতি’-র জন্য নির্মিত এই দুটি পরিকাঠামোর উদ্বোধনকে ঘিরে গ্রামজুড়ে ছিল উৎসবের আবহ।

অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও লোকবাদ্যের মাধ্যমে অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অতিথিদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয় এবং প্রথাগত রীতিতে তাঁদের সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রশ্মি গ্রুপ দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণমূলক নানা প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এই নতুন কমিউনিটি হল ও আইসিডিএস কেন্দ্র স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের জেনারেল ম্যানেজার (লিগ্যাল) তপন নাথ, ডেপুটি জেনারেল ম্যানেজার (সিএসআর) নটবর বিসওয়াল, সঞ্জয় ওঝা, চিন্ময় আচার্যসহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কোরা কোডা সমিতির নির্মল মুদি, আম্বা পশ্চিম গ্রামের মাঝি নরেন সিং, সূর্যকান্ত ঘোষ, সুরজিৎ মণ্ডল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, নবনির্মিত কমিউনিটি হলটি ভবিষ্যতে গ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। অন্যদিকে আইসিডিএস কেন্দ্রটি শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানের শেষে কোরা কোডা সমিতির পক্ষ থেকে দীনেশ মুদি রশ্মি গ্রুপকে এই জনমুখী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সমাপ্তি পর্বে স্থানীয় আদিবাসী মহিলাদের মনোমুগ্ধকর লোকনৃত্য অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।

Latest