জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন

জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন

সেখ ওয়ারেশ আলী: সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের এই কর্মসূচি দেশজুড়ে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ।এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে রিং রোড পরিক্রমা করে জেলা কালেক্টরেটের সামনে পৌঁছয়। সেখানে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা।কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটারদের অধিকার সুরক্ষার দাবিও জানানো হয়। উল্লেখ্য, নির্বাচন কমিশন পাল্টা দাবি করেছে যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সিদ্ধান্তগুলি কমিশনের তিন সদস্যের অনুমোদনেই নেওয়া হয়েছে।বিক্ষোভ শেষে জেলা কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেয়। স্মারকলিপিতে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে দলের দাবিগুলি তুলে ধরা হয়।