নিজস্ব সংবাদদাতা :প্রবল বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার পাশাপাশি বিস্তীর্ণ কৃষিজমিও চলে গিয়েছে জলের তলায়। সাধারণ মানুষের পাশাপাশি চরম সমস্যায় পড়েছেন কৃষকরাও। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আমন ধান চাষে। বহু জমিতে সদ্য রোপণ করা ধানের চারা দীর্ঘক্ষণ জলের নিচে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফলে চাষের খরচ উঠে আসা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,পর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দ্রুত নামছে না। এর ফলে একদিকে যেমন মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কৃষকদের ক্ষতির পরিমাণও বাড়ছে। কৃষকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এলাকায় পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হোক এবং প্রয়োজনীয় সরকারি সাহায্যের ব্যবস্থা করা হোক। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ধান উৎপাদনে বড় ধাক্কার আশঙ্কা করছেন চাষিরা।
