নিজস্ব সংবাদদাতা : সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার ব্যবস্থাপনায় একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার, ২০ জুলাই সোনাখালি হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খড়গপুর ড. বুশরা বানো, আইপিএস, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহারের উপায় এবং অনলাইন প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। একইসঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক কুফল এবং আইনগত দিক সম্পর্কেও বিস্তারিতভাবে সচেতন করা হয় পড়ুয়াদের।এই সচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন। পুলিশের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।