নিজস্ব সংবাদদাতা : সুস্থ জীবনযাপন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে রবিবার, ১৪ জুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘সানডে অন সাইকেল’ সাইকেল র্যালি। বিশ্ববিদ্যালয়ের উন্নত ভারত অভিযান (UBA) সেল এবং জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী। উপস্থিত ছিলেন NSS-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জী, ড. নীলাঞ্জনা দাস চ্যাটার্জী, ড. রামকৃষ্ণ মাইতি,অধ্যাপক ড. বিশ্বপতি জানা সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও আধিকারিকরা।

প্রায় ১০০ জন NSS স্বেচ্ছাসেবক, ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্য নিজেদের সাইকেল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় চত্বর ও সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি সাধারণ মানুষের মধ্যে ফিট ইন্ডিয়া আন্দোলন, নিয়মিত শরীরচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ জীবনধারার বার্তা পৌঁছে দেয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইকেল শুধুমাত্র একটি স্বাস্থ্যকর যাতায়াত মাধ্যম নয়, এটি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে যেমন শারীরিক সুস্থতা বজায় রাখা সম্ভব, তেমনি বায়ুদূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনযাত্রাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ‘সানডে অন সাইকেল’ কর্মসূচির আয়োজন করা হবে।অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সাইকেল ব্যবহারের প্রসার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করেন।