নিজস্ব সংবাদদাতা : পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সেই উপলক্ষে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার খাকুড়দা। পড়ুয়াদের বাড়িতে গিয়ে তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে চারা গাছ রোপণের মাধ্যমে পালন করা হলো ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি।

এই উদ্যোগে যৌথভাবে অংশ নেয় ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, ভগবতী দেবী শিক্ষা নিকেতন, বেলদা বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, খাকুড়দা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ এবং কাগজের নৌকা সংগঠন।

অরণ্য সপ্তাহের সূচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত মিশ্র এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক ড. সুধাপদ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবতী দেবী পিটিটিআই-এর অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শঙ্কর মিশ্র, অধ্যাপক বাবুলাল শাসমল, শিক্ষক নরসিংহ দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।১৮ জুলাই বিকেলে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর হাতে তাঁদের পছন্দমতো বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়।

পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।পরদিন, ১৯ জুলাই সকালে আয়োজক ছয়টি সংস্থার প্রতিনিধিরা পড়ুয়াদের বাড়িতে পৌঁছে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চারা রোপণ করেন। খাকুড়দা, আম্বিডাঙ্গর, গুড়দলা, বড়মোহনপুর, ধনেশ্বরপুর ও দীঘা-সহ একাধিক গ্রামে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অনেকেই ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আয়োজকদের বক্তব্য, ‘মায়ের নামে একটি গাছ’ অভিযানের মূল লক্ষ্য হলো মায়ের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা একসঙ্গে তুলে ধরা। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং গাছের জীবনদায়ী ভূমিকার মধ্যে সম্পর্ক স্থাপন করে নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ও বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।