অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় প্রায় ৩৪ বছর পর তাঁদের বাবা হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান সম্পন্ন করলেন পরিবারের দুই ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি, ১৯৯২ সালে এলাকায় বিজেপির রাজনীতি করার কারণে হরিসাধন দগরিকে সিপিএমের সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ পরিবারের।পরিবারের সদস্যদের বক্তব্য, বাবার মৃত্যুর পর তাঁরা মানসিকভাবে প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই তাঁর শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান সম্পন্ন করবেন।

সেই প্রতিজ্ঞা পূরণ করতেই এদিন সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে বলে তাঁদের দাবি।পরিবারের দাবি, এই শ্রাদ্ধশান্তির মাধ্যমে তাঁরা তাঁদের বাবার আত্মার শান্তি কামনা করেছেন এবং দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো একটি মানসিক অঙ্গীকার পূরণ করতে পেরেছেন।তবে হরিসাধন দগরির মৃত্যুর কারণ এবং ঘটনাকে ঘিরে পরিবারের করা অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়াও এখনও পর্যন্ত পাওয়া যায়নি।