ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা!

ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা!

নিজস্ব সংবাদদাতা : ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার মেদিনীপুরের জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত ‘সেবায় আমায় যোগদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাইত, প্রতিভা মাইতি, ডঃ সৌম্য শঙ্কর সারাঙ্গি, অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার,নির্মল ঘোষ-সহ ভিলেজ রিসোর্স পার্সন (VRP) ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে গ্রামাঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে মাঠকর্মীদের ভূমিকার প্রশংসা করা হয়। ঝড়-বৃষ্টি, রোদ উপেক্ষা করে তাঁরা কীভাবে গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলছেন এবং রোগ প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, সেই বিষয়টিও উঠে আসে।

মাঠপর্যায়ের এই কর্মীদের প্রাপ্য সম্মান ও সম্মানিকের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। জেলায় জেলায় গিয়ে কর্মীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো এবং ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গড়ে তোলাই প্রশাসনের অন্যতম অগ্রাধিকার—অনুষ্ঠানে সেই বার্তাই দেওয়া হয়।