Skip to content

মেদিনীপুরের বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক অস্থায়ী কর্মী!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের এক অস্থায়ী কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, ১০ই জুলাই শুক্রবার সকালে স্কুল চলাকালীন অভিযুক্ত কর্মী প্রথম শ্রেণির ওই ছাত্রের উপর যৌন নির্যাতন চালায়।

স্কুল ছুটির পর বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এরপর অভিভাবকরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করলে ঘটনাটি সামনে আসে। অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মীকে স্কুলের মধ্যেই আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শিশুটির মা দাবি করেন, বাড়ি ফিরে তাঁর ছেলে বাথরুমে যাওয়ার সময় অভিযুক্ত কর্মীর অশালীন আচরণের কথা জানায়। তিনি দোষীর কঠোর শাস্তির দাবি জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে অন্যান্য অভিভাবকদের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Latest