Skip to content

খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য

সেখ ওয়ারেশ আলী: পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সদ্য তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা-কে গ্রেফতার করল পুলিশ। শনিবার খড়গপুর স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে বলে জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সুজয় হাজরা আত্মগোপনে ছিলেন। শনিবার তিনি এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। সেই অনুযায়ী তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে খড়গপুর স্টেশন থেকে তাঁকে আটক করে শালবনী থানার পুলিশ। প্রাক্তন বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে। জমি কেলেঙ্কারি ও তোলাবাজি সংক্রান্ত অভিযোগে আরও তথ্য সংগ্রহ এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে সূত্রে।

Latest