অরিন্দম চক্রবর্তী: মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি, খড়গপুর ইউনিট এবং মালঞ্চ অ্যাথলেটিক্স ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে শুক্রবার (১৩ জুন) খড়গপুরের প্রেম হরিভবনে একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিবিরে মোট ৮০ জন মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল ব্লাড সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ইসিজি পরীক্ষা। চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রিফিন স্কুলের চেয়ারম্যান অভিষেক যাদব। উপস্থিত ছিলেন স্কুল গেম ফেডারেশনের সাধারণ সম্পাদক সোমনাথ দাস, সুব্রত কাপের রাজ্যজয়ী দলের সদস্য নন্দ ভৌমিক, আদিনাথ ভট্টাচার্য, অমল মজুমদার, রিনা ধর, অনিল দাস, শিপ্রা মণ্ডল, নান্টু মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবির পরিচালনা ও আয়োজনে বিশেষ সহযোগিতা করেন অমিতেশ কুণ্ড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে যথেষ্ট উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সুস্থ জীবনযাপন সম্পর্কেও সচেতনতামূলক বার্তা দেওয়া হয় শিবিরে।
