অভিজিৎ সাহা: গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের তীব্র ঘাটতি মেটাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ি এলাকায় সোমবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ রক্তদান শিবির। অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং “আমরা সবাই ক্লাব”-এর পরিচালনায় এই মানবিক কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। শিবিরে মোট ৫৫ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। সংগঠকদের দাবি, গরমের সময় হাসপাতালে রক্তের চাহিদা যখন দ্রুত বাড়ছে, তখন এই উদ্যোগ অনেক রোগীর জীবনরক্ষায় সহায়ক হবে। অনুষ্ঠানে প্রশাসনিক ও সামাজিক মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনারোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য,গড়বেতা দক্ষিণ বিদ্যালয় পরিদর্শক সুকুমার গোস্বামী,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌড়ি,পলাশ সেন,প্রণব ঘোষ সহ অন্যান্য ক্লাব সংগঠন ও সমাজসেবী সংগঠনের সদস্যরা। আয়োজকরা জানান, শুধু রক্তদানই নয়, আগামী দিনগুলোতেও এলাকায় এমন সামাজিক ও মানবিক কর্মসূচি আরও বিস্তৃতভাবে করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো, যা সামগ্রিকভাবে শিবিরটিকে সফল করে তোলে। গ্রীষ্মের তীব্র গরমে রক্তের ঘাটতি যখন স্বাস্থ্য পরিষেবার সামনে বড় চ্যালেঞ্জ, তখন ডুকির তুঁতবাড়ির এই উদ্যোগ নতুন করে মানবিকতার বার্তা দিল বলে মনে করছেন অনেকে।
