Skip to content

খড়গপুরে নাবালিকা ছাত্রীকে হেনস্থার অভিযোগ,অভিযুক্ত শিক্ষিকার স্বামীকে ধরে পেটাল জনতা!

প্রতীকী ছবি। 

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগের জেরে শিক্ষিকার স্বামীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা প্রতিদিনের মতো পড়াশোনা করতে শিক্ষিকার বাড়িতে যায়। অভিযোগ, পড়ানোর সময় শিক্ষিকা অন্য কাজে বাইরে গেলে সেই সুযোগে তাঁর স্বামী পশুপতি মহাপাত্র ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।অভিযোগ, উত্তেজিত গ্রামবাসীরা শিক্ষিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় পশুপতি মহাপাত্রকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় পরিবারের পক্ষ থেকে খড়গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest