Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্যাফায়ার জুবিলি গেটের উদ্বোধন, শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসে স্মরণসভা ও আলোচনা চক্র

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ২৩ জুন মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের সূচনায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রবেশদ্বারে নির্মিত ‘স্যাফায়ার জুবিলি গেট’ (Sapphire Jubilee Gate)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।গেটটির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের যুগ্ম সম্পাদক ও শারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘের বিশিষ্ট প্রতিনিধি শ্রী জগদার্তি দাস প্রভু এবং মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী প্রার্থনানন্দ মহারাজ।

এরপর বিশ্ববিদ্যালয়ের বি.এন. শ্যামল হলে অনুষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সেখানে প্রথমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও জননেতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবস। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী জগদার্তি দাস প্রভু এবং স্বামী প্রার্থনানন্দ মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা, কলা ও বাণিজ্য অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক কেশব চন্দ্র মণ্ডল, দর্শন ও জীবন জগৎ বিভাগের অধ্যাপক তপন কুমার দে, অধ্যাপক মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় এবং বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার পাল প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শ, জাতীয় চিন্তাধারা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সঙ্গীত ও মনোজ্ঞ আলোচনার মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক, গবেষক-গবেষিকা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, দিনব্যাপী এই কর্মসূচি শিক্ষাঙ্গনে এক অনন্য সাংস্কৃতিক ও মননশীল পরিবেশের সৃষ্টি করে এবং উপস্থিত সকলের মধ্যে বিশেষ উৎসাহের সঞ্চার করে।

Latest